য়্যুভেন্তাস থেকে রোমায় যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। দেড় বছরের মাথায় তাকে বিক্রি করে দিতে প্রস্তুত জোসে মরিনহোর দল। তবে সেক্ষেত্রে সামনে আসছে দুটি শর্ত। খবর ফ্যাব্রিজিও রোমানোর।
রোমা ছাড়ার ক্ষেত্রে দিবালার রিলিজ ক্লজ ১২ মিলিয়ন ইউরো। যদি কোনো ইতালিয়ান ক্লাব তাকে চায়, তবে দামের বিষয়টি রোমার ওপর বর্তাবে। আবার ইতালির বাইরের কোনো ক্লাব তাকে পেতে চাইলে দামের বিষয়টা নির্ভর করবে দিবালার ওপর।
রোমায় সব মিলিয়ে ৫৪ ম্যাচ খেলেছেন দিবালা। তাতে ২৩ গোল করার পাশাপাশি তিনি অ্যাসিস্ট করেছেন ১৪ গোলে।
য়্যুভেন্তাসে দীর্ঘ ৭ বছর কাটানোর পর ২০২২ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে রোমায় যোগ দেন দিবালা। তিন বছরের চুক্তিতে ইতালিয়ান ক্লাবটিতে জয়েন করেন তিনি। য়্যুভেন্তাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট হিসেবে তাকে পায় ক্লাবটি।
২০১৫ সালে দিবালাকে পালেরমো থেকে কিনেছিল য়্যুভেন্তাস। ইতালির অন্যতম সফল দলটির হয়ে পাঁচটি লিগ ও চারটি ইতালিয়ান কাপ জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে তুরিনের দলটির হয়ে ২৯৩ ম্যাচে করেন ১১৫ গোল করেন দিবালা। চোট ও অসুস্থতা মিলিয়ে দুই মৌসুম খুব একটা ভালো কাটেনি তার। আর্জেন্টিনা জাতীয় দলে ২০১৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন তিনি।

0 Comments