গত এক বছরে বিশ্ব ফুটবলের চিত্র বদলে দিয়েছে সৌদি প্রো লিগ। একের পর এক তারকা ফুটবলারকে টেনে ইউরোপিয়ান টুর্নামেন্টগুলোকে টেক্কা দিতে শুরু করেছে লিগটি। শুরুটা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে ভিড়িয়ে। এরপর এই পর্তুগিজ তারকার পদাঙ্ক অনুসরণ করে একে একে লিগটির বিভিন্ন ক্লাবে পাড়ি জমাতে ইউরোপের নামিদামি তারকারা।



রোনালদো-বেনজেমার পথ ধরে এবার সৌদি প্রো লিগে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। সম্প্রতি এমন গুঞ্জনের খবর জানিয়েছেন দলবদলের বিশ্বস্ত সাংবাদিক রুডি গালেত্তি। 

 
গালেত্তির মতে, সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড সম্প্রতি ডি ব্রুইনার দিকে নজর দিয়েছে। এই তারকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা। আগামী গ্রীষ্মকালীন দলবদলে সৌদি প্রো লিগে আনার জন্য তাকে টার্গেট করেছে পিআইএফ।